টানা বৃষ্টিতে জলমগ্ন মাটিগাড়া, কোমরজল পেরিয়ে পরিস্থিতি খতিয়ে দেখলেন প্রতিমন্ত্রী আনন্দময় বর্মণ
শিলিগুড়ি, ২৮ জুন: টানা প্রবল বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে মাটিগাড়ার একাধিক এলাকা। শনিবার রাত থেকে শুরু হওয়া ভারী বর্ষণের ফলে নির্মল নগর, রবীন্দ্রপল্লী-সহ আশপাশের বিভিন্ন এলাকায় ব্যাপক জল জমে যায়। এর জেরে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হয় এবং বহু পরিবার চরম দুর্ভোগের মুখে পড়ে।
রবিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান মাটিগাড়া–নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী আনন্দময় বর্মণ। তিনি জলমগ্ন এলাকাগুলি সরেজমিনে পরিদর্শন করে পরিস্থিতির খোঁজখবর নেন। এদিন তাঁকে কোমরসমান জল পেরিয়ে বিভিন্ন বাড়ি ও এলাকায় পৌঁছে বাসিন্দাদের সঙ্গে কথা বলতে দেখা যায়।
স্থানীয়দের কাছ থেকে জল জমে থাকার কারণ, নিকাশি সমস্যাসহ বিভিন্ন দুর্ভোগের কথা শোনেন প্রতিমন্ত্রী। পাশাপাশি প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে আলোচনা করে দ্রুত জল নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত এলাকায় স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
প্রতিমন্ত্রী আশ্বাস দেন, প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং দ্রুত সমস্যার সমাধানে সবরকম উদ্যোগ নেওয়া হবে। অন্যদিকে, জলমগ্ন এলাকায় দ্রুত নিকাশি ব্যবস্থার উন্নতির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।