শিলিগুড়ি : পশ্চিমবঙ্গ রাজ্য বাজেট ২০২৬-কে স্বাগত জানিয়ে সোমবার শিলিগুড়িতে যৌথ সাংবাদিক বৈঠক করল লঘু উদ্যোগ ভারতী (LUB) উত্তরবঙ্গ এবং কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (CII) উত্তরবঙ্গ। শহরের চার্চ রোডে আদিত্য মিত্রুকার কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন CII উত্তরবঙ্গের চেয়ারম্যান সতীশ মিত্রুকা এবং লঘু উদ্যোগ ভারতী উত্তরবঙ্গের সভাপতি সিএ আদিত্য মিত্রুকা। বৈঠকে বক্তারা রাজ্য বাজেটকে শিল্প ও ব্যবসাবান্ধব বলে অভিহিত করেন। তাঁদের মতে, বাজেটে পরিকাঠামো উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (MSME) খাতের বিকাশে যে গুরুত্ব দেওয়া হয়েছে, তা উত্তরবঙ্গের অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা বহন করছে।
সতীশ মিত্রুকা বলেন, রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ শিল্পক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। একইসঙ্গে কর্মসংস্থান বৃদ্ধি ও বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রেও বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। আদিত্য মিত্রুকা জানান, শিল্প ও ব্যবসায়িক মহল বাজেটের বিভিন্ন ঘোষণাকে ইতিবাচকভাবে দেখছে। বিশেষ করে MSME খাতকে উৎসাহিত করার পদক্ষেপগুলি রাজ্যের অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে বলে তাঁর মত। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি শিল্প প্রতিনিধিরা বলেন, এই বাজেট উত্তরবঙ্গের সামগ্রিক উন্নয়নের গতি আরও বাড়াবে এবং শিল্পোন্নয়নের ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি করবে।