নয়াদিল্লি: দার্জিলিংয়ের সাংসদ ও বিজেপির জাতীয় মুখপাত্র রাজু বিস্তা আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতের পর তিনি জানান, দার্জিলিং পাহাড়, তরাই, ডুয়ার্স এবং পশ্চিমবঙ্গের মানুষের প্রতি অমিত শাহের আন্তরিক দিকনির্দেশনা ও যত্নের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
রাজু বিস্তার দাবি, পশ্চিমবঙ্গে বিজেপির সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে এবং দলের সাফল্যের ক্ষেত্রে অমিত শাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে দেশ শান্তি, স্থিতিশীলতা ও দ্রুত উন্নয়নের পথে এগিয়ে চলেছে।
তিনি আরও বলেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-র নেতৃত্বে পশ্চিমবঙ্গের মানুষও উন্নয়ন, সুশাসন এবং দ্রুত অগ্রগতির নতুন অধ্যায়ের প্রত্যাশায় এগিয়ে চলেছেন। রাজু বিস্তা আশাবাদ ব্যক্ত করেন যে, কেন্দ্রের নেতৃত্ব ও জনসমর্থনের মাধ্যমে পশ্চিমবঙ্গেও উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
এই সাক্ষাৎকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে সাক্ষাতে অন্য কোনও নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।