শিলিগুড়ি ,২৭ জুন: শিলিগুড়ির নাগরিক সমস্যার সমাধানে বড় উদ্যোগের ঘোষণা দিল বিজেপির প্রাক্তন কাউন্সিলররা। শনিবার শিলিগুড়ি পুরনিগম-এর কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে তাঁরা জানান, শহরের ৪৭টি ওয়ার্ডে চালু করা হবে “জন কল্যাণ সেবা কেন্দ্র”।
এই কেন্দ্রগুলির মাধ্যমে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়েছে। উল্লেখযোগ্যভাবে, এই পরিষেবায় কোনো দলীয় পোস্টার বা ব্যানার ব্যবহার করা হবে না—শুধুমাত্র পদ্ম ফুলের চিহ্ন থাকবে। প্রাক্তন কাউন্সিলরদের দাবি, সম্পূর্ণ অরাজনৈতিক ভাবেই মানুষের পাশে দাঁড়াতে চান তাঁরা।
এদিন কমিশনারের কাছে শহরের একাধিক গুরুত্বপূর্ণ সমস্যা তুলে ধরা হয়। এর মধ্যে ছিল জল নিষ্কাশন ব্যবস্থা, পার্কিং সংকট, অবৈধ নির্মাণসহ নানা নাগরিক অসুবিধা। পাশাপাশি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম মেলার মাঠে স্থায়ী পার্কিং ব্যবস্থার দাবিও জানানো হয়। তাঁদের প্রস্তাব, বছরে দু’মাস মেলার জন্য ব্যবহারের পর বাকি সময় ওই জায়গাটিকে পার্কিং হিসেবে ব্যবহার করা হোক।
এছাড়াও, সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যার কথা সরাসরি জানানোর জন্য একটি হেল্পলাইন নম্বর চালুর কথাও জানান প্রাক্তন কাউন্সিলররা।
সবশেষে, কমিশনারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে উত্থাপিত সমস্যাগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত সমাধানের ব্যবস্থা করা হবে।