খোলা চাঁদ ফাপরি এলাকায় একটি ফার্নিচারের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা
শিলিগুড়ি,২ জুলাই: ডাবগ্রাম এক নম্বর অঞ্চলের খোলা চাঁদ ফাপরি এলাকায় একটি ফার্নিচারের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। বৃহস্পতিবার দুপুর নাগাদ এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
জানা যায়, হঠাৎ করে গোডাউনের ভেতর থেকে আগুনের লেলিহান শিখা বের হতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন কর্মচারীরা। সঙ্গে সঙ্গে দমকল বিভাগকে খবর দেওয়া হয়। তবে দমকল পৌঁছানোর আগেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পুরো গোডাউন এলাকাজুড়ে আগুন গ্রাস করে ফেলে।
ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছে দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে গোডাউনে মজুত বিপুল পরিমাণ সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে।
যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই, তবুও ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে এই অগ্নিকাণ্ডে। মূলত শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা বলে আশঙ্কা করা হচ্ছে।