শিলিগুড়ি,১ জুলাই : দার্জিলিং জেলার চা শ্রমিকদের একাধিক দাবিকে সামনে রেখে বুধবার শ্রমিক ভবনে অ্যাডিশনাল লেবার কমিশনারের কাছে স্মারকলিপি জমা দিল দার্জিলিং জেলা চা বাগান মজদুর ইউনিয়ন।
ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে চা শ্রমিকরা নানা সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। তাদের প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে—শ্রমিকদের জমির অধিকার নিশ্চিত করা, ন্যূনতম হাজিরা মজুরি বৃদ্ধি, বকেয়া পেনশন দ্রুত পরিশোধ করা এবং লংভিউ চা বাগানের বর্তমান উদ্বেগজনক পরিস্থিতির সমাধান করা। মোট পাঁচ দফা দাবি তুলে ধরেই এই স্মারকলিপি প্রদান করা হয়েছে।
ইউনিয়নের অভিযোগ, পূর্ববর্তী সরকার থাকাকালীন সময়ে এই বিষয়গুলিতে কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। পাশাপাশি বর্তমান সরকার ক্ষমতায় আসার পরেও সমস্যাগুলির সমাধানে উল্লেখযোগ্য তৎপরতা দেখা যাচ্ছে না বলেও তারা দাবি করেন।
শ্রমিকদের স্বার্থে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবিতে এদিন তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এবং সমস্যার স্থায়ী সমাধানের জন্য যথাযথ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।