শিলিগুড়ি,১ জুলাই: শহরে ফের ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়াল। এবার ঘটনা সামনে এসেছে শিলিগুড়ির হাকিমপাড়া এলাকার ১২ নম্বর ওয়ার্ডে।
জানা গিয়েছে, এক মহিলা কলকাতা থেকে ফিরে স্টেশন থেকে টোটো করে বাড়ি ফিরছিলেন। বাড়ির সামনে পৌঁছে টোটোর ভাড়া দেওয়ার সময় আচমকাই পিছন দিক থেকে একটি স্কুটি এসে তার হাতে থাকা সাইড ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
মহিলার দাবি, তিনি কিছু বোঝার আগেই স্কুটিটি দ্রুত এলাকা ছেড়ে চলে যায়। ছিনতাই হওয়া ব্যাগে ছিল মোবাইল ফোন, হেডফোন, গুরুত্বপূর্ণ নথিপত্র, আধার কার্ড, এটিএম কার্ড এবং বাড়ির চাবি।
ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েন ওই মহিলা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পানি ট্যাংকি ফাঁড়ির পুলিশ এবং ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আশপাশের বাড়িগুলির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।