শিলিগুড়ি,৩০ জুন: ডাবগ্রাম এক নম্বর অঞ্চলে তৃণমূলের প্রধান , পঞ্চায়েত কে ঘিরে বিক্ষোভ। ছোড়া হলো ডিম।
মঙ্গলবার স্থানীয় বাসিন্দারা বিভিন্ন দাবিকে সামনে রেখে অঞ্চল অফিসের সামনে বিক্ষোভে সামিল হন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে পঞ্চায়েত , প্রধান ও সদস্যদের লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে।
অভিযোগ অনুযায়ী, পঞ্চায়েত সদস্য অনিতা ছেত্রী এলাকায় রাস্তা পাকা করার প্রতিশ্রুতি দিলেও সাধারণ মানুষের সুবিধার বদলে নিজের বাড়ির সামনে রাস্তা পাকা করেছেন। ফলে এলাকার বাসিন্দাদের প্রতিদিন জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে বলে দাবি তাদের।
এছাড়াও মালতী শর্মা নামে এক স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন, তিনি পঞ্চায়েতের কাছে সমস্যা জানাতে গেলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এই অভিযোগ ঘিরেও ক্ষোভ আরও বাড়তে থাকে।
এছাড়াও প্রধান আরতি রায় এর বিরুদ্ধে অভিযোগ করে বলেন , বেদগড়া এলাকার নদীর বাঁধ, রাস্তা-ঘাট সংস্কারসহ একাধিক সমস্যার সমাধান দীর্ঘদিন ধরে হয়নি। পাশাপাশি ২০২৩ সালে ডাবগ্রাম এক নম্বর অঞ্চলে কয়েক লক্ষ টাকা ব্যয়ে একটি সাইকেল রাখার শেড নির্মাণের টেন্ডার পাশ হলেও এখনও পর্যন্ত সেখানে কোনও কাজ শুরু হয়নি। অথচ কাজ সম্পন্ন হয়েছে বলে বোর্ড টাঙিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এদিন ডাবগ্রাম যুব মোর্চার সদস্যদের সঙ্গে নিয়ে এলাকাবাসীরা অঞ্চল অফিসে বিক্ষোভ দেখাতে থাকেন। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, তার জন্য ভক্তিনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বিক্ষোভ চলাকালীন তৃণমুলের প্রধান আরতি রায়, খোলা চাঁদ ফাপরি এলাকার পঞ্চায়েত অনিতা ছেত্রী ও স্থানীয়দের মধ্যে তীব্র বাকবিতণ্ডা বাধে। সেই সময়ই উত্তেজিত বিক্ষোভকারীরা তাদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন।
ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।