ডাবগ্রাম ২ নম্বর অঞ্চলের ক্ষুদিরাম পল্লী এলাকায় আধা কাঠা জমির উপর অবৈধভাবে বহুতল নির্মাণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শনে যান এলাকার প্রধান মিতালী মালাকার।
পরিদর্শনে গিয়ে তিনি বাড়ির মালিকের সঙ্গে কথা বলেন এবং অবৈধ নির্মাণ দ্রুত ভেঙে ফেলার নির্দেশ দেন। তিনি স্পষ্টভাবে জানান, অবিলম্বে নির্মাণ ভেঙে না ফেললে অঞ্চল প্রশাসনের পক্ষ থেকেই ব্যবস্থা নিয়ে তা ভেঙে দেওয়া হবে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাত্র আধা কাঠা জমির উপর ইতিমধ্যেই দুটি তলা নির্মাণ করা হয়েছে এবং তৃতীয় তলার কাজও চলছিল। বিষয়টি সামনে আসতেই এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়।
এদিকে বাড়ির মালিকের দাবি, নির্মাণের সময় কোনো বাধা দেওয়া হয়নি। এখন প্রায় তৈরি হওয়ার পর তা ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হচ্ছে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, এলাকায় আরও অনেক অবৈধ নির্মাণ রয়েছে, সেগুলির বিরুদ্ধেও সমানভাবে ব্যবস্থা নেওয়া উচিত।
অন্যদিকে প্রধান মিতালী মালাকার জানান, অতীত সরকারের সময় কী হয়েছে তা নিয়ে তারা মাথা ঘামাতে চান না। বর্তমান প্রশাসনের আমলে কোনোভাবেই অবৈধ নির্মাণ বরদাস্ত করা হবে না। তিনি আরও বলেন, এলাকায় যেসব অবৈধ নির্মাণ রয়েছে, সেগুলির বিরুদ্ধে অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।